| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের এমপি ও তার মেয়ে মাদ্রাসায় ঢুকে বিরোধে জড়ান, পরে বাসভবনে এলাকাবাসীর হামলা

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১৮:৩৯:৫৯:অপরাহ্ন  |  ৫০৬ বার পঠিত
জামায়াতের এমপি ও তার মেয়ে মাদ্রাসায় ঢুকে বিরোধে জড়ান, পরে বাসভবনে এলাকাবাসীর হামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: যশোরে মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এমপি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোলাম রসুলের বাসভবনের সামনে অবস্থিত আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের বিরোধ চলছিল। সোমবার এ বিষয়কে কেন্দ্র করে এমপির মেয়ে অনন্যার সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হলে পুলিশের মধ্যস্থতায় তা মীমাংসা করা হয়।

তবে মঙ্গলবার সকালে গোলাম রসুল ও তার মেয়ে আবার মাদ্রাসায় গেলে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এ সময় রেক্সোনা নামে এক নারী আহত হন এবং আরও কয়েকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, আগের দিনের বিরোধের জের ধরেই মঙ্গলবার নতুন করে উত্তেজনা তৈরি হয়। পরে বিক্ষুব্ধ জনতা এমপির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এমপি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়া হয়েছে।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে সংসদ সদস্য গোলাম রসুল বলেন, মাদ্রাসার যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং রাস্তার মালিকানা নিয়ে ভুল বোঝাবুঝি রয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।”

তিনি আরও দাবি করেন, তার মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন এবং ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছে। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, তার বাসভবনে হামলার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ওসি মাসুম খান বলেন, এমপি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি যে বক্তব্য দিয়েছেন, সেটি তার ব্যক্তিগত বিষয়।

ঘটনার পর যশোর জেলা জামায়াতের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪