রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যা থেকে বলা যায় যে নির্বাচনী মাঠ অসমতল বা পক্ষপাতদুষ্ট।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো। ছোট-বড় সব রাজনৈতিক দলই সমান সুযোগ পাচ্ছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও বাস্তবতায় এখন পর্যন্ত সবার জন্য সমান ক্ষেত্র তৈরি রয়েছে।
তিনি আরও বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি তুলে ধরে শফিকুল আলম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এখানে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। এই ঐতিহ্য রক্ষা করাই আমাদের লক্ষ্য।
তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় মাজারে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন অজুহাতে মাজারে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মাজারগুলোর নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে।
এর আগে সকালে তিনি ময়মনসিংহ নগরীর জুবলী রোড এলাকায় অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকা এবং হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।
রিপোর্টার্স২৪/ঝুম