| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে সিও’র পিঠা ও উদ্যোক্তা মেলার বর্ণিল সমাপ্তি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ০২:৫৫:৫৯:পূর্বাহ্ন  |  ৩৯৫ বার পঠিত
ঝিনাইদহে সিও’র পিঠা ও উদ্যোক্তা মেলার বর্ণিল সমাপ্তি

ঝিনাইদহ প্রতিনিধি: গ্রামবাংলার চিরচেনা পিঠার ঘ্রাণ, বাহারি স্বাদ আর দেশীয় পণ্যের বৈচিত্র্যে মুখর হয়ে উঠেছিল ঝিনাইদহ। পিঠার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিও’র আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী পিঠা ও উদ্যোক্তা মেলার সমাপনী হয়েছে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে।

‘মাদকমুক্ত সমাজ চাই, উদ্যোক্তা হয়ে এগিয়ে যাই’এই স্লোগানে শহরের চাকলাপাড়ায় সিও’র কার্যালয় চত্বরে আয়োজিত এ মেলায় তিন দিনে প্রায় ১০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। সমাপনী দিনে আগত দর্শনার্থীদের হাতে রজনীগন্ধার ফুল তুলে দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন সিও’র নির্বাহী পরিচালক শামসুল ইসলাম। একই অনুষ্ঠানে ৫০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর রহমান শেখর, সাংস্কৃতিক সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াসসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ছাড়া ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেলায় ঝিনাইদহের বিভিন্ন এলাকার ৩০ জন স্থানীয় উদ্যোক্তা তাঁদের তৈরি পণ্য নিয়ে অংশগ্রহণ করেন। স্টলগুলোতে ছিল ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ গ্রামবাংলার নানা স্বাদের ঐতিহ্যবাহী পিঠা-পুলি এবং উদ্যোক্তাদের হাতে তৈরি দেশীয় পণ্য। দর্শনার্থীরা পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্যোগের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

মেলার অন্যতম আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গ্রামবাংলার প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ছবির মাধ্যমে তুলে ধরে খুদে শিল্পীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রয়াস দেখা যায়।

আয়োজকদের মতে, পিঠা শুধু একটি খাবার নয়; এটি বাঙালির ইতিহাস, শেকড়, সংস্কৃতি ও পারিবারিক বন্ধনের অংশ। সময়ের পরিবর্তনে অনেক ঐতিহ্যবাহী পিঠা হারিয়ে যেতে বসেছে। তাই এ ধরনের আয়োজনের মাধ্যমে পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করাই ছিল মেলার অন্যতম লক্ষ্য।

তিন দিনের এ আয়োজন শুধু পিঠার স্বাদ আর কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; উদ্যোক্তাদের স্বপ্ন, শিশুদের সৃজনশীলতা, দর্শনার্থীদের অংশগ্রহণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ সব মিলিয়ে হয়ে উঠেছিল প্রাণের এক মিলনমেলা।

ঐতিহ্য সংরক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সিও’র এ আয়োজন ঝিনাইদহের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে একদিকে যেমন গ্রামবাংলার হারিয়ে যাওয়া পিঠার ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পাবে, অন্যদিকে স্থানীয় উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথও আরও সুগম হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪