আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে কীভাবে যৌথভাবে প্রতিরক্ষা জোরদার করা যায় এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার(২২জানুয়ারি) ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাইডলাইনে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রুটে এ কথা বলেন। এর আগে ট্রাম্প জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে গ্রিনল্যান্ড অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করলেও বুধবার তিনি বলপ্রয়োগের সম্ভাবনা নাকচ করেন এবং ডেনমার্কের স্বশাসিত এই ভূখণ্ড নিয়ে চলমান বিরোধ মেটাতে একটি সমঝোতার ইঙ্গিত দেন।
রুটে জানান, আর্কটিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো কীভাবে সম্মিলিতভাবে কাজ করতে পারে সে বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার খুবই ভালো আলোচনা হয়েছে। এতে শুধু গ্রিনল্যান্ড নয়, আর্কটিকে ভূখণ্ড রয়েছে এমন ন্যাটোভুক্ত সাতটি দেশের নিরাপত্তা বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।
তিনি বলেন, গত সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় আরও আলোচনা হবে।
ডব্লিউইএফের এক প্যানেলে রুটে বলেন, গতকালের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিশেষ করে গ্রিনল্যান্ডের ক্ষেত্রে; চীন ও রাশিয়া যেন গ্রিনল্যান্ডের অর্থনীতি কিংবা সামরিকভাবে সেখানে প্রবেশাধিকার না পায়, তা নিশ্চিত করা।
অন্যদিকে, চীন দাবি করেছে, আর্কটিকে তাদের বৈজ্ঞানিক অভিযান ও নৌপরিবহন আন্তর্জাতিক চুক্তি ও আইনের আওতায় পরিচালিত হচ্ছে। পশ্চিমা দেশগুলো তাদের কর্মকাণ্ডকে সামরিক উদ্দেশ্যের ইঙ্গিত হিসেবে ভুলভাবে উপস্থাপন করছে বলেও অভিযোগ করেছে বেইজিং।
গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রকাশিত গ্লোবাল টাইমস এক সম্পাদকীয়তে জানায়, পশ্চিমা গণমাধ্যম উপেক্ষা করেছে যে আর্কটিকে চীন কখনোই কোনো সামরিক মোতায়েন করেনি; বরং চীন-রাশিয়ার যৌথ সামরিক অগ্রযাত্রার হুমকিকে ‘সেনসেশনাল’ করে তোলা হয়েছে।
সম্পাদকীয়তে বলা হয়, আর্কটিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পক্ষ থেকে চীনকে ‘সামরিক হুমকি’, ‘সম্পদ দখলকারী’ বা ‘নিয়ম ভঙ্গকারী’ হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টার আমরা দৃঢ় বিরোধিতা করি।
চীন আর্কটিক হয়ে ইউরোপে বাণিজ্যিক নৌপথের সঙ্গে তাদের কর্মকাণ্ডকে যুক্ত করেছে। গত অক্টোবরে একটি চীনা কনটেইনার জাহাজ আর্কটিক রুট ব্যবহার করে ইউরোপে পণ্য পরিবহন করে, যা ডেলিভারি সময় প্রায় অর্ধেকে নামিয়ে আনে।রয়টার্স
রিপোটার্স ২৪/এসসি