| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেন যুদ্ধ অবসানে ত্রিপক্ষীয় বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৫:২১:৪১:অপরাহ্ন  |  ৭০৯৫৩৫ বার পঠিত
ইউক্রেন যুদ্ধ অবসানে ত্রিপক্ষীয় বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের অবসানে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুক্রবার ও শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি এ তথ্য জানান। তিনি বলেন, আবুধাবির আলোচনাই হবে তিন দেশের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। আমি মনে করি, এটি একটি ভালো উদ্যোগ, বলেন তিনি।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত শর্তগুলো চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত। এ পুনর্গঠন পরিকল্পনাকে কিয়েভ যুদ্ধ অবসানের প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে।

তবে প্রস্তাবিত বৈঠক নিয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বৈঠককে ‘ভালো’ বলে উল্লেখ করলেও যুদ্ধ অবসানের প্রচেষ্টাকে একটি ‘চলমান প্রক্রিয়া’ হিসেবে বর্ণনা করেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, রাশিয়া-ইউক্রেন আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে এবং এখন কেবল একটি ইস্যু বাকি রয়েছে। তার মতে, বিষয়টি সমাধানযোগ্য। পরে উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কো সফর করেন এবং সেখান থেকে আবুধাবিতে যাওয়ার কথা রয়েছে।

জেলেনস্কি জানান, আবুধাবির আলোচনায় সামরিক পর্যায়ের কার্যকরী বৈঠকের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় আলোচনা অন্তর্ভুক্ত থাকবে।

ডাভোসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তার বার্তা স্পষ্ট ইউক্রেন যুদ্ধের অবসান ঘটতেই হবে।

জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ ও গভীর বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান, নিরাপত্তা নিশ্চয়তা এবং পুনর্গঠন তহবিল নিয়ে নথিপত্র এখন আরও সুসংহত হয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে জেলেনস্কি পুতিনের আন্তর্জাতিক বিচারের দাবি জানান এবং ইউক্রেনের প্রতিরক্ষায় জব্দ করা রুশ সম্পদ ব্যবহার না করায় ইউরোপীয় মিত্রদের সমালোচনা করেন।

এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে শান্তি আলোচনার উদ্যোগকে স্বাগত জানালেও বলেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে থাকায় ইউক্রেনের সামরিক সহায়তা এখনও প্রয়োজন। তার মতে, শান্তি আলোচনা গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিক সমাধান আসবে না।

এই আলোচনার মধ্যেই চলতি সপ্তাহে রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় তিন হাজার ভবন বিদ্যুৎ ও তাপবিহীন হয়ে পড়েছে। ওডেসায় রুশ ড্রোন হামলায় একটি আবাসিক ভবনে আঘাত হেনে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ওলেহ কিপার। আল জাজিরা | 

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪