| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাগারে প্রেম, বিয়ে করতে দুই খুনিকে মুক্তি দিলো আদালত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ২২:০৫:৫৩:অপরাহ্ন  |  ৭০৯১৩৩ বার পঠিত
কারাগারে প্রেম, বিয়ে করতে দুই খুনিকে মুক্তি দিলো আদালত

ইন্টারন্যাশনাল ডেস্ক: কারাগারে শুরু হওয়া একটি প্রেমের গল্প অবশেষে বিয়েতে গড়াল। ভারতের রাজস্থানের একটি কারাগারে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত নারী ও পুরুষ কয়েদিকে বিয়ের জন্য ১৫ দিনের জরুরি প্যারোল দিয়েছেন রাজস্থানের হাইকোর্ট।

শুক্রবার (২৩ জানুয়ারি) আলওয়ার জেলার বারোদামেভ এলাকায় তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিয়ে করতে যাওয়া ওই যুগলের নাম প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ এবং হনুমান প্রসাদ। মডেল প্রিয়া শেঠ ডেটিং অ্যাপে পরিচিত যুবক দুষ্যন্ত শর্মাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, অন্যদিকে হনুমান প্রসাদ পাঁচজনকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত। আদালতের অনুমতিতে নির্দিষ্ট সময়ের জন্য তারা জেল থেকে মুক্তি পেয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ছয় মাস আগে জয়পুরের সাঙ্গানের ওপেন জেলে বন্দি অবস্থায় প্রিয়া শেঠ ও হনুমান প্রসাদের পরিচয় হয়। একই জেলে থাকার সময় ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং সেই সম্পর্কই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে রূপ নেয়।

প্রিয়া শেঠ ২০১৮ সালের একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হন। তদন্তে জানা যায়, তিনি টিন্ডারে পরিচয়ের মাধ্যমে দুষ্যন্ত শর্মা নামের এক যুবককে ফাঁদে ফেলেন। পরে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ধরা পড়ার ভয়ে প্রিয়া তার প্রেমিক দীক্ষান্ত কামরা ও তার বন্ধু লক্ষ্য ওয়ালিয়ার সহায়তায় দুষ্যন্তকে হত্যা করেন। মরদেহ স্যুটকেসে ভরে ফেলে দেয়া হয়।

অন্যদিকে হনুমান প্রসাদ ২০১৭ সালের ভয়াবহ পাঁচ খুনের মামলায় দণ্ডিত। তার প্রেমিকা সন্তোষের অনুরোধে তিনি তার স্বামী বানওয়ারি লালকে হত্যা করেন। হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে যাওয়ায় সন্তোষের তিন সন্তান ও এক ভাতিজাকেও হত্যা করা হয়।

দুজনেই দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নেয়ার সিদ্ধান্ত নেন। এরপর বিয়ের অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হন তারা। আদালত তাদের আবেদন গ্রহণ করে বিয়ের জন্য ১৫ দিনের ছুটি মঞ্জুর করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪