| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগের কথা না বলে সুষ্ঠু নির্বাচন উপহার দিন: জয়নুল আবদিন ফারুক

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ১৩:২৪:৪৭:অপরাহ্ন  |  ১৭০৬৪৭৬ বার পঠিত
পদত্যাগের কথা না বলে সুষ্ঠু নির্বাচন উপহার দিন: জয়নুল আবদিন  ফারুক
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমাদের নেতা সালাহউদ্দিন আহমদ একটা সুন্দর কথা বলেছেন চেয়ার খালি থাকে না। তাই এ সমস্ত কথা না বলে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। এদেশে আপনি যদি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন আপনার প্রাপ্য যে পুরস্কার, যে উপাধি সেটা সারা জীবন জনগণ মনে রাখবে। আর যদি বিলম্ব করেন ইতিহাসে আপনার নাম নিন্দিত হয়ে থাকবে। যেটা আমরা চাই না।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, আপনাকে নিয়ে আমরা অহংকার করি। আপনি আপনার গ্রহণযোগ্যতা নিয়ে যখন এই পদটিতে বসলেন আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আপনার চারপাশে কিছু যেন একটা ঘুরপাক খাচ্ছে। কি যেন একটা সমস্যার সৃষ্টি হয়েছে। যে ব্যক্তিটি তিন মাসের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে পারত এটা আমরা এখনও দেখছি না।

তিনি বলেন, সংস্কার করতে তো বেশি সময় লাগার কথা নয়, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বহু উদাহরণ আছে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র বহুদলীয় সংস্কারটা করেছেন জিয়াউর রহমান। যার ফলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এটা করতে কি বেশি সময় লেগেছে? সাহাবুদ্দিনও তো তিন মাসের মধ্যে নির্বাচন করতে পেরেছেন, আপনার তো নয় মাস অতিবাহিত হয়ে গেল।

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, একটা বাজেট হয়ে গেল গতকাল। এটা নিয়ে আমার দল কথা বলবে, বাজেট ভালো না খারাপ হয়েছে তার প্রতিক্রিয়া দিবে আমার দল কিন্তু আপনি কেন যেন মনে হয় কারো কথা শুনছেন না। ইলেকশন কমিশন রেডি, প্রধান নির্বাচন কমিশনার রেডি, দেশের প্রত্যেকটি ভোট কেন্দ্র প্রস্তুত, কাগজপত্রও কেনা হয়ে গেছে। সমস্ত কিছু প্রস্তুত তারপরও কোন সংস্কার বাকি আছে যে আপনি নির্বাচন দিচ্ছেন না? আর নির্বাচনের কথা বললেই বলা হয় বিএনপি নাকি ক্ষমতার জন্য পাগল। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন ক্ষমতায় যেতে নয়, মৃত ব্যক্তির ভোটে নয়, শেখ হাসিনা যে ভোটের ব্যবস্থা ধ্বংস করে গেছেন জনগণের সেই ভোটাধিকার ফিরে আনাই হলো আমাদের দাবি।

তিনি বলেন, আমরা ভেসে আসি নাই। বিএনপি ছোট রাজনৈতিক দল নয়। আমরা একাধিকবার ক্ষমতায় থাকার দল। আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মী। আমরা তো আয়না ঘরে দিনকে দিন থাকার কর্মী, আমরা তো সকাল থেকে রাত অবধি কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকা কর্মী। আমরা তো পুলিশের ভয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকার কর্মী, আমরা তো হাজারো মামলা মাথায় ধারণ করে পলাতক থাকার কর্মী। সবশেষ আমরা কর্মী হলাম একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের।

সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আহমেদ শাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪