স্টাফ রিপোর্টার:
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, সরকার-রাষ্ট্র-অর্থনীতি যদি জনবান্ধব না হয়, তাহলে বাজেট জনবান্ধন হয় না। বাজেটের কিছু লেখাই অর্থনীতিকে গতিশীল করতে পারে না। বাস্তব অর্থনীতি সচল থাকতে হয়।
তিনি বলেন, অর্থনীতি আজকে মহা বিপন্ন অবস্থায় আছে। দেশে বিনিয়োগ নাই। নির্বাচিত সরকার না হলে বিনিয়োগ হয় না। দেশের ভিতরে, বাহিরের কেউ বিনিয়োগ করতে সাহস পায় না। এ অবস্থায় বর্তমান যে বাজেট সেটা জনবন্ধব নয়।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে রিপোর্টার্স২৪-এর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আল্লামা ইমাম হায়াত বলেন, অবিলম্বে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। দেশে রাজনৈতিক নিপীড়ন চলছে, রাষ্ট্রকে দলীয়করণ করা হচ্ছে, দেশের ভবিষ্যৎ খারাপের দিকে যাচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির প্রাদুর্ভাব হচ্ছে, জনগণের কোন নিরাপত্তা নাই। এ অবস্থায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া খুবই জরুরী।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয, নির্বাচন কমিশন এবং সরকার যদি পক্ষপাত মুক্ত হয়, কোন বিশেষ দলকে যদি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এনে রাষ্ট্র দখল করার চক্রান্ত না হয়, তাহলে ইনসানিয়াত বিপ্লব ৩০০ আসনের প্রার্থী দিবে এবং সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, দেশে ন্যায়, মানবিকতা ও ধর্মীয় সহাবস্থানের ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক ধারার প্রবর্তন জরুরি, যা কেবল ইনসানিয়াত বিপ্লবই দিতে পারে।
রিপোর্টার্স২৪/আরএইচ