| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয়নি: কংগ্রেস নেতা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৭:৫৪:৫৯:অপরাহ্ন  |  ৫৮৪৭৭৬ বার পঠিত
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয়নি: কংগ্রেস নেতা

স্পোর্টস ডেস্ক: আইপিএলের শুরুতে মোস্তাফিজুর রহমানকে নিলামে নেওয়া হলেও পরবর্তীতে চুক্তি থেকে তাকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি এই পেসারের পাশে দাঁড়িয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা শশী থারুর। তার মতে, রাজনীতির কারণে মোস্তাফিজকে আইপিএল থেকে দূরে রাখা ছিল দুর্ভাগ্যজনক।

রোববার (২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় শশী থারুর বলেন, ‘আমি মনে করি না, মোস্তাফিজুরকে কলকাতার হয়ে খেলতে দেওয়া থেকে বঞ্চিত করা উচিত ছিল। এটি ছিল খুবই দুর্ভাগ্যজনক। এখানে রাজনীতির অনুপ্রবেশ হয়েছে… পাকিস্তান বাংলাদেশের প্রতি সংহতি দেখানোর চেষ্টা করছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পাকিস্তানি সিদ্ধান্ত নিয়েও কড়া সমালোচনা করেছেন এই কংগ্রেস নেতা। শশী থারুর বলেন, ‘পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই লজ্জাজনক। ক্রিকেটে রাজনীতিকরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’

খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে, খেলাধুলা...বিশেষ করে ক্রিকেট…মানুষকে একত্রিত করার মাধ্যম হওয়া উচিত। এটি সবার জন্যই একটি সতর্কবার্তা। জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করা দরকার। আইসিসি এখানে একটি প্ল্যাটফর্ম হতে পারে। সবাই মিলে বলা উচিত, এই সব অযৌক্তিক বিষয় বন্ধ করা হোক। এভাবে চিরদিন চলতে পারে না।’

এদিকে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা পাকিস্তানের অবস্থান নিয়ে আইসিসির কঠোর সতর্কতাকে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে কলম্বোতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বেছে বেছে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে পাকিস্তানকে যে কঠোর পরিণতির কথা আইসিসি জানিয়েছে, সেটি যথার্থ।’

ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, পাকিস্তানের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। সেই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে আসছিল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪