| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ১৬:৪৭:৫৪:অপরাহ্ন  |  ২৩০ বার পঠিত
গাংনীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের চার বছর বয়সী মেয়ে আফরিন খাতুন এবং যশোরের ঝিকরগাছা উপজেলার সজিবউদ্দীনের ছেলে আকবর হোসেন (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চালক আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম থেকে যাত্রী নিয়ে গাংনী উপজেলার বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইক চালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আফরিন খাতুন ও তার ফুপাতো ভাই আকবর হোসেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪