নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর পৌরসভার ৮নং ওয়ার্ডের মতিপুর থেকে আব্দুল্লাহ মিয়ারহাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কার করেছেন লন্ডন প্রবাসী ও লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি মো. আবু তাহের শাহজাহান। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ইট, বালু ও খোয়া ফেলে দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন তিনি।
বুধবার সকাল থেকে সংস্কারের কাজ চলতে থাকে। ১২ জন শ্রমিক দুই দিনব্যাপী সংস্কারের কাজ করবেন।
এই সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে দুর্ঘটনার হারও বাড়ছিল। কাদা পানিতে একাকার হয়ে সড়কটিতে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন আমার ছেলে স্কুলে যায়। আগে প্রায়ই পড়ে যেত, জামাকাপড় ভিজে যেত। এখন স্বস্তিতে যেতে পারে।’
মতিপুর গ্রামের গৃহবধূ রহিমা খাতুন জানান, ‘রাস্তাটা আগে এতই খারাপ ছিল, রিকশা পর্যন্ত আসতো না। এখন অন্তত জরুরি প্রয়োজনে গাড়ি আনা নেওয়া করা যায়।’
একই এলাকার যুবক নাজিম উদ্দিন বলেন, ‘আমরা অবাক হয়েছি—দেশের বাইরে থেকে এসে উনি এলাকার কথা ভাবেন। আবু তাহের ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।’
সংস্কার কাজ শেষে মো. আবু তাহের শাহজাহান বলেন, ‘এই এলাকার মানুষ আমার আপন। লন্ডনে থাকলেও মন পড়ে থাকে জন্মভূমিতে। আমি কেবল চেষ্টা করেছি কিছু করার। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বিএনপি সবসময় প্রস্তুত।’
তিনি আরো বলেন, আমি এলাকায় এসেছি আট দিন হয়েছে এর মধ্যেই কয়েকটি দুর্ঘটনা আমার সামনে ঘটেছে। অসুস্থ ব্যক্তিদের কে নিয়ে রিক্সায় উল্টে যেতে দেখেছি। তাদের অবস্থা দেখে আমার খারাপ লেগেছে, তার জন্য আমি এ সংস্কার কাজ করি। পৃথিবীতে বাঁচবো কয়দিন, টাকা পয়সা কোন কাজে আসবে না, মানুষের কল্যাণে কাজ করলে আখিরাতেও সেটা পাব।
তিনি তার এই কাজের বদৌলতে দলীয় প্রধান বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা তারেক রহমানে জন্য দোয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
এলাকাবাসী জানান, সরকারিভাবে রাস্তাটি বারবার দাবি করা হলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। একজন প্রবাসী উদ্যোগ নিয়ে তা সংস্কার করায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব