চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পরিবেশ দূষণ ও ডাকাতিয়া নদীতে বর্জ্য ফেলার অভিযোগে দুটি অটোরাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এবং মো. রহমত উল্লাহ এ দণ্ড প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে ডাকাতিয়া নদীতে ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধের গরম পানি ফেলে নদী দূষণ করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুটি অটোরাইস মিলকে দোষী সাব্যস্ত করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে মেসার্স বিসমিল্লাহ অটোরাইস মিলকে ৪০ হাজার টাকা এবং মেসার্স নিউ পূবালী অটোরাইস মিলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা রাইস মিল কর্তৃপক্ষকে ডাকাতিয়া নদীতে ফেলা ধানের তুষ ও ছাই দ্রুত অপসারণ করে নদীকে দূষণমুক্ত রাখার জন্য কঠোর নির্দেশনা দেন।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নদীতে শিল্পবর্জ্য, ধানের তুষ ও ছাই ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জলজ প্রাণী ও স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। পরিবেশ সুরক্ষা ও দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স/এসএন