| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের বিপক্ষে খেলতে না চাওয়ায় পাকিস্তানের কাছে ব্যাখ্যা চাইল আইসিসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৯:৫৪:০৫:অপরাহ্ন  |  ১০২০৬৭৯ বার পঠিত
ভারতের বিপক্ষে খেলতে না চাওয়ায় পাকিস্তানের কাছে ব্যাখ্যা চাইল আইসিসি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বর্জন করতে ‘ফোর্স মেজিউর’ (অনিবার্য কারণ) ক্লজ বা শর্ত ব্যবহার করেছে পাকিস্তান। তবে একটি নির্দিষ্ট ম্যাচ বয়কট করে বাকি টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার এই যুক্তি মানতে নারাজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

মূল ঘটনার সূত্রপাত হয় কয়েক দিন আগে, যখন পিসিবি আইসিসি-কে জানায় যে তাদের সরকার কলম্বোর ১৫ ফেব্রুয়ারির ম্যাচে ভারতের বিপক্ষে না খেলার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে এই ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নেয়।

তবে আইসিসি প্রশ্ন তুলেছে, সরকারের নির্দেশ যদি খেলাই না হয়, তবে পাকিস্তান বাকি সব ম্যাচ কীভাবে খেলছে? শুধুমাত্র একটি নির্দিষ্ট ম্যাচের জন্য ‘ফোর্স মেজিউর’ শর্ত প্রয়োগ করা যায় কি না, তা নিয়ে পিসিবি-কে কড়া জবাব দিতে হবে।

আসলে ‘ফোর্স মেজিউর’ কী? এটি চুক্তির এমন একটি শর্ত, যেখানে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা সরকারের আকস্মিক কোনো সিদ্ধান্তের মতো অনিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে কোনো পক্ষ দায়িত্ব পালন করতে না পারলে তাকে অব্যাহতি দেওয়া হয়।

তবে আইসিসি বলছে, কেবল রাজনৈতিক পছন্দ বা সাধারণ সমস্যা এই শর্তের আওতায় পড়ে না। পিসিবি-কে প্রমাণ করতে হবে যে তারা পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করেছিল এবং ম্যাচটি আয়োজনে আর কোনো বিকল্প ছিল না।

আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি পাকিস্তানের এই যুক্তি শেষ পর্যন্ত ধোপে না টেকে, তবে তাদের বড় ধরনের জরিমানার মুখে পড়তে হতে পারে। এছাড়া চুক্তিভঙ্গ এবং শৃঙ্খলাভঙ্গের দায়েও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইসিসি।

বর্তমানে পিসিবি ও আইসিসির মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আইসিসি চায় একক কোনো সিদ্ধান্তের চেয়ে ক্রিকেটের বৃহত্তর স্বার্থ রক্ষা পাক। তবে বাংলাদেশের মতো পাকিস্তানকেও লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।

এদিকে এই চাপের মুখেও আজ পাকিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। আসরের উদ্বোধনী ম্যাচে তারা ৩ উইকেটে নেদারল্যান্ডসকে হারিয়েছে। যদিও একসময় মনে হচ্ছিল, তারা নিশ্চিত পরাজয়ের দিকেই এগোচ্ছে (৭ উইকেটে ১১৪ রান, ১৬.১ ওভার)। কিন্তু শেষদিকে ফাহিম আশরাফের ১১ বলে ২৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে জয় তুলে নেয় দলটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪