| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিসির চাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ০১:৫২:১২:পূর্বাহ্ন  |  ৬৪৭২৮৯ বার পঠিত
আইসিসির চাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও ক্রিকেটবিশ্বের নজর ছিল একটাই—ভারত-পাকিস্তান মহারণে। তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় হতাশা নেমে আসে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ‘ইউটার্ন’ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সৃষ্ট সংকট নিরসনে একটি মধ্যস্থতাকারী ‘ফর্মুলা’ দাঁড় করানো হয়েছে। এই প্রক্রিয়ায় আইসিসি স্পষ্ট করে জানিয়ে দেয়, কোনো যুক্তিসংগত কারণ ছাড়া ম্যাচ বয়কট করলে পাকিস্তান ক্রিকেটকে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এনডিটিভির খবরে আরও বলা হয়, সংকট নিরসনে খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানান, যাতে ক্রিকেটীয় সম্পর্ক বজায় থাকে এবং পরিস্থিতি আরও জটিল না হয়।

ম্যাচটি বাতিল হলে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা ছিল, যার বড় ধরনের প্রভাব পড়তে পারত পিসিবির ওপরও। এই বাস্তবতাও পাকিস্তানের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে এনডিটিভি সূত্র জানায়, ম্যাচ খেলার পক্ষে পাকিস্তানের ভেতরে মৌন সমর্থন থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, এ বিষয়ে শেষ কথা বলবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার রাতে অথবা মঙ্গলবারের মধ্যেই প্রধানমন্ত্রীর সবুজ সংকেত মিললে পিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সংকট নিরসনে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইসিসির প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ইস্যুর সমাধান।

বৈঠকে আইসিসি পিসিবির সামনে একাধিক শর্ত ও প্রস্তাব তুলে ধরে। তবে এনডিটিভির দাবি অনুযায়ী, পাকিস্তানের সব দাবি মানেনি আইসিসি। বিশেষ করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের দাবিটি সরাসরি নাকচ করে দেওয়া হয়। আইসিসি জানায়, এটি ভারতের সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়।

তবে বাংলাদেশের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে আইসিসি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪