| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১২:৩৭:৪৩:অপরাহ্ন  |  ২৭০ বার পঠিত
রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বাকি মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী বলেন, মামলার এজাহারে সাধারণত রাজনৈতিক পরিচয় উল্লেখ না থাকায় সারাদেশে কতগুলো মিথ্যা বা হয়রানিমূলক মামলা হয়েছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নির্ধারণ করা কঠিন। এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সরকারের কাছে নেই বলেও তিনি জানান।

তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার সুনির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান নেই বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০২৬ সালের ৫ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি মামলা সংশ্লিষ্ট নথি, এজাহার, চার্জশিট ও পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে সুপারিশ প্রদান করে থাকে।

পরে সেই সুপারিশ যাচাই-বাছাইয়ের জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়।

আইনমন্ত্রী জানান, এখন পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের হওয়া ২৩ হাজার ৮৬৫টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। অবশিষ্ট মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪