| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিকে শেখ হাসিনার পরিণতি স্মরণ করিয়ে হুঁশিয়ারি সজীব ভূঁইয়ার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০২:৪১:২৭:পূর্বাহ্ন  |  ৬০৩২২৪ বার পঠিত
বিএনপিকে শেখ হাসিনার পরিণতি স্মরণ করিয়ে হুঁশিয়ারি সজীব ভূঁইয়ার

স্টাফ রিপোর্টার: নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য ও জুলুমতন্ত্রের অভিযোগে বিএনপির প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আধিপত্যবাদ ও একপক্ষীয় শাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে জনগণের কাছ থেকে ম্যান্ডেট চেয়েছি। জনগণ সেই ম্যান্ডেট দিয়েছে। আমরা সেই ম্যান্ডেটের মর্যাদা অক্ষুণ্ণ রাখব। কিন্তু দেশজুড়ে নৈরাজ্য এবং জুলুমতন্ত্র চলছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি এই পদক্ষেপ না নেয়, তবে তাদের সামনে শেখ হাসিনার পরিণতি স্মরণ থাকবে।

বক্তব্যে তিনি দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেখছি, শপথ গ্রহণের আগেই কিছু মিডিয়া বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। ঠিক সেই উপকরণগুলো আবার সারাদেশে পুনরাবৃত্তি করছে যা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল।

এনসিপি মুখপাত্র নারী সমর্থকদের ওপর বিএনপির নির্যাতনের অভিযোগও তোলেন। তিনি বলেন, এবারের নির্বাচনে আমাদের মা-বোনেরা ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের ওপর ধর্ষণ, ধর্ষণের হুমকি এবং নানা ধরনের ভয়-ভীতি চালিয়ে প্রতিশোধ নিচ্ছে। দেশের ৪৬ শতাংশ জনগণ তাদের ভোট দেননি; তাই এই দমন-পীড়ণের মাধ্যমে বাংলাদেশে পুনরায় মাফিয়াতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে তাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জ্বলজ্বল করবে।

নির্বাচনী মাঠে সরকারি ও প্রশাসনিক পক্ষের পক্ষপাতিত্বের বিষয়েও অভিযোগ তোলেন তিনি। নির্বাচনের দিন ভোটাধিকার ব্যবহার সুষ্ঠু থাকলেও রাতের বেলায় ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ঢাকা-৮ আসনসহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৫০ প্রার্থীকে পরাজিত করা হয়েছে বলে উল্লেখ করেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শপথ নেওয়ার পরে সব দেখবে, এমন ভাববেন না। শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন। নেতারা যদি এ ধরনের সহিংস কর্মকাণ্ড থেকে সরে না আসেন, তাহলে তাদেরও পরিণতি এভাবেই হতে পারে।

পরিশেষে তিনি নতুন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান, নির্বাচনের পর সংঘটিত সকল হামলা, লুটপাট ও ধর্ষণের দায়ীদের দ্রুত শনাক্ত ও শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে হবে। জুলুমতন্ত্রের শিকারদের আশীর্বাদপুষ্ট হয়ে শাসনের স্বপ্ন দেখার সুযোগ থাকবে না—এটাই আমাদের প্রত্যাশা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪