সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ:
জামায়াতে ইসলামি’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসর লুকিয়ে আছে, এরা ভিতরে, বাইরে থেকে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদের এই দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে, ডিসেম্বরে নির্বাচন দাবি করে। বাংলাদেশে কখন নির্বাচন হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশে মানুষ। বাংলাদেশের মাটিতে আর দাদাগিড়ি চলবে না, বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে।
মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, ফ্রি, ফেয়ার, ক্রেডিবেল ইলেকশন নিশ্চিতের জন্য, বাংলাদেশকে সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মধ্যে আনতে যেটুকু সংস্কার প্রয়োজন, তা অবশ্যই করতে হবে। যেনতেন নির্বাচন দিয়ে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ আর কোনোদিন মেনে নেবে না।
সোমবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানা জামায়াতে ইসলামি আয়োজিত ঈদ পূনর্মিলণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সলঙ্গা থানা জামায়াতে ইসলামির আমির রাশিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়েখ ড. আব্দুর সামাদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. আসাদ উদ্দিন প্রমুখ।