স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনকে সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার ও নীতিগত কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। প্রয়োজনে এ ধরনের পরিবর্তন অব্যাহত থাকবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের পেছনে কী বিবেচনা ছিল,এমন প্রশ্নে তিনি বলেন, নতুন সরকার এসেছে, তাদের নিজস্ব প্রাধান্য ও কর্মপরিকল্পনা রয়েছে। শুধু বাংলাদেশ ব্যাংকেই নয়, বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন হলে আরও হবে। এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া।
তিনি আরও বলেন, সরকারের কর্মসূচি, নীতিগত দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার বাস্তবায়নে যেখানে প্রয়োজন, সেখানে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭, ১৯৭২)-এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের আগস্টে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে প্রায় দেড় বছর পর তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
রিপোর্টার্স২৪/এসসি