| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১০:৩৯:০৫:পূর্বাহ্ন  |  ১১৪৩৭৭ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। শনিবার (২১ নভেম্বর) সকালে সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

এর আগে সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। তিন বাহিনীর সম্মিলিত সামরিক অভিযানের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। এসব দোয়া মাহফিলে দেশের শান্তি, নিরাপত্তা, কল্যাণ ও সমৃদ্ধি কামনার পাশাপাশি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য, অগ্রগতি এবং সদস্যদের সার্বিক মঙ্গল কামনা করা হবে।

সশস্ত্র বাহিনী দিবস দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, আত্মত্যাগ এবং সম্মিলিত অবদানের কথা স্মরণ করিয়ে দেয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪