স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ ও বিদ্যমান বাণিজ্যচুক্তি ঘিরে উদ্ভূত পরিস্থিতিকে “বিকাশমান” উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিষয়গুলো এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সব দিক বিবেচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে করণীয় ঠিক করতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বিষয়টি এখনো একটি ‘ইভলভিং সিনারিও’। দেশটির সর্বোচ্চ আদালত আগের ধার্যকৃত ট্যারিফ বহালযোগ্য নয় বলে মত দিয়েছে। এরপর তারা প্রথমে সব দেশের জন্য ১০ শতাংশ, পরে ১৫ শতাংশ ট্যারিফ আরোপ করেছে। তবে আমরা এখন পর্যন্ত সরকারি পর্যায়ে লিখিত কোনো নথি পাইনি; কেবল ঘোষণা শুনছি।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু পদক্ষেপ ১৫০ দিনের মধ্যে ইউএস কংগ্রেসে অনুমোদিত হতে হয়। এ মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট নয়। তাই আমরা সতর্কভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি, বলেন তিনি।
বিগত সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চুক্তির পক্ষে-বিপক্ষে উভয় দিক রয়েছে। আমরা সব দিক পর্যালোচনা করছি। এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি।
চুক্তি গোপনে বা তড়িঘড়ি করে করা হয়েছিল কি না,এমন প্রশ্নে তিনি বলেন, আলোচনার সময় কিছু নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট ছিল। এটি একটি সংবেদনশীল ইস্যু। যাদের সঙ্গে চুক্তি, সেই দেশটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিকাশমান পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা ঠিক হবে না, যোগ করেন তিনি।
ব্যবসায়ীদের মতামত সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, বিভিন্ন খাতের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শুল্ক, চুক্তি ও বাজার পরিস্থিতি সব বিষয় নিয়েই মতবিনিময় হয়েছে। রমজানকেন্দ্রিক বাজার পরিস্থিতির উদাহরণ দিয়ে তিনি বলেন, চাহিদা-সরবরাহের সাময়িক তারতম্যে দাম বাড়লেও পরে আবার স্বাভাবিক হয়ে আসে।
চাঁদাবাজি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে অতীতে অনেক আশ্বাস দেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করতে বলছি কাজ করে দেখাব।
সরকারি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও সম্ভাব্য শুল্ক কাঠামো নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে সমন্বিত মূল্যায়ন চলছে।
রিপোর্টার্স২৪/এসসি