| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ ব্যর্থতায় রশিদ খানের অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ০৯:৪৭:৪৩:পূর্বাহ্ন  |  ৩৯৪১৩৪ বার পঠিত
বিশ্বকাপ ব্যর্থতায় রশিদ খানের অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলে চমক দেখিয়েছিল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। কিন্তু এবারের আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। গ্রুপ পর্বের বাধাই পেরোতে না পারায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নেতৃত্ব ও দল পরিচালনা নিয়ে। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধিনায়ক রশিদ খান।

দলের হতাশাজনক পারফরম্যান্সের দায় অনেকটাই তার কাঁধে বর্তাচ্ছে। আফগানিস্তানের প্রভাবশালী এই লেগস্পিনার দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দিয়ে আসলেও সাম্প্রতিক ব্যর্থতার পর তার অধিনায়কত্ব টিকবে কি না, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

আফগান সংবাদমাধ্যম আমু টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রশিদ খানের কাছ থেকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব কেড়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে। প্রতিবেদনে বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে তাকে সরানো হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

২০১৯ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান রশিদ। এরপর ছয় বছরেরও বেশি সময় ধরে ৪৮টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে আফগানিস্তান জয় পেয়েছে ২৬ ম্যাচে, হেরেছে ২১টিতে; একটি ম্যাচে ফল হয়নি। পরিসংখ্যান বিবেচনায় তার নেতৃত্ব মোটেও ব্যর্থ বলা যায় না। তবে বড় আসরে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় বোর্ড নতুন নেতৃত্বের কথা ভাবছে বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বিশ্বকাপ শুরুর আগেই রশিদকে সরানোর আলোচনা হয়েছিল। কিন্তু টুর্নামেন্টের আগে বড় সিদ্ধান্ত নিতে অনিচ্ছুক থাকায় তখন তা কার্যকর হয়নি। বিশ্বকাপে ব্যর্থতার পর সেই আলোচনা আবারও জোরালো হয়েছে।

সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তরুণ ব্যাটার ইব্রাহিম জাদরান–এর নাম। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স ও স্থির মানসিকতার জন্য তাকে ভবিষ্যৎ নেতা হিসেবে ভাবা হচ্ছে। এছাড়া আলোচনায় রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ এবং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তবে ওমরজাই নিজেই নেতৃত্বের দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

রশিদ খানের ব্যক্তিগত পারফরম্যান্সও এবারের বিশ্বকাপে প্রত্যাশামাফিক ছিল না বলে সমালোচকদের মত। ব্যাট ও বল—দুই বিভাগেই দল প্রয়োজনীয় ধারাবাহিকতা পায়নি। ফলে নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে নতুন পরিকল্পনা ও কৌশল নিয়ে এগোতে চাইছে বোর্ড।

এখন দেখার বিষয়, আফগান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কী সিদ্ধান্ত নেয়। তবে বিশ্বকাপ ব্যর্থতার পর আফগান দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত যে স্পষ্ট, তা বলাই যায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪