স্টাফ রিপোর্টার: বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ৫০ কোটি টাকা) বিনিয়োগের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি সান এডিসন। সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এ লক্ষ্যে ২ থেকে ১২ মার্চের মধ্যে বৈঠকের সময় চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। রোববার (১ মার্চ) রাতে পাঠানো ওই চিঠিতে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও জেনারেল কাউন্সেল ডেভিড রিংহোফার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে বৈঠকের অনুরোধ জানান।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ৭ জানুয়ারি সান এডিসন এবং সিঙ্গাপুরভিত্তিক সাউদার্ন সোলার পাওয়ার লিমিটেড সরকারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সই করে। পরে কক্সবাজারের টেকনাফ এলাকায় জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়।
তবে একই বছরের ২৫ আগস্ট রোহিঙ্গাদের ব্যাপক আগমনের পর প্রকল্প এলাকা ও প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইনের করিডোরজুড়ে শরণার্থীদের বসতি স্থাপনের কারণে প্রকল্প বাস্তবায়ন জটিল হয়ে পড়ে। এ অবস্থায় কোম্পানি প্রকল্প স্থানান্তরের আবেদন করে এবং কক্সবাজারে বিকল্প স্থানের জন্য জমির বায়না জমা দেয়।
চিঠিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে তৎকালীন সরকার আর্থিক প্রণোদনা দাবি করে। যদিও বাংলাদেশ সুপ্রিম কোর্ট মন্ত্রণালয়কে পিপিএ বাতিল না করার নির্দেশ দিয়েছিল বলে দাবি করা হয়েছে, তবুও চুক্তি বাতিল করা হয়। কোম্পানির অভিযোগ, ওই বাতিলপত্র ছিল অবৈধ। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হলেও এর সুরাহা হয়নি।
তবে অতীতের বিরোধ পুনরুজ্জীবিত না করে গঠনমূলক ও স্বচ্ছ সমাধানের লক্ষ্যে এগোতে চায় প্রতিষ্ঠানটি। চিঠিতে বলা হয়েছে, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি সম্ভব।
প্রস্তাবিত বৈঠকে কোম্পানির সিটিও ডেভিড স্প্রিংগার, কনসালটিং ডিরেক্টর মোহাম্মদ রব ও মোবাশের হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/বাবি