| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমশক্তির বড় অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে: বাণিজ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৫:২১:৪৫:অপরাহ্ন  |  ৪৮৯৮৪০ বার পঠিত
শ্রমশক্তির বড় অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে: বাণিজ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:বাংলাদেশের শ্রমিকদের বড় একটি অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) খাতের বাইরে বিপুলসংখ্যক শ্রমশক্তি এখনো ফরমাল কাঠামোর বাইরে থাকায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্স নিশ্চিত করা কঠিন হচ্ছে।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিটিসি) ২২তম সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আরএমজি খাতের একটি উল্লেখযোগ্য অংশ ফরমাল সেক্টরে থাকলেও সামগ্রিক শ্রমশক্তির বড় অংশ অনানুষ্ঠানিক। দেশকে টেকসই ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থানে নিতে হলে সব খাতকে ধীরে ধীরে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে। তা না হলে শ্রমিকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে না।

নিম্নআয়ের মানুষের সহায়তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই এটি বাস্তবায়ন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিটি পরিবারকে একটি করে কার্ড দেওয়া হবে এবং মাসে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের সহায়তা দেওয়া হবে।

সভায় নিয়মিত ট্রাইপার্টাইট কনসালটেটিভ বৈঠক আয়োজনের ওপরও জোর দেন বাণিজ্যমন্ত্রী। শ্রম অসন্তোষ নিরসন, ঈদুল ফিতর উপলক্ষে বেতন-ভাতা পরিশোধ ও ছুটি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. নূরুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪