রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্ববাজারে অস্থিরতার প্রভাবের মধ্যেই দেশের বাজারে স্বস্তির খবর। টানা ছয় দফা দাম বাড়ানোর পর এবার বড় অঙ্কে কমানো হয়েছে স্বর্ণের মূল্য। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বুধবার (৪ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। গত শনিবারের পর সোমবারও বাড়ানো হয় স্বর্ণের দাম। ফলে একপর্যায়ে ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য দাঁড়িয়েছিল ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকায়।
গত সপ্তাহেই দু’দফায় মোট ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। তার আগেও এক দফায় ৪ হাজার টাকার বেশি বৃদ্ধি পায়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা বাড়ানো হয়েছে এবং ১৩ দফা কমানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম