স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা আগামী রোববার (৮ মার্চ) আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড, আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোন দল ট্রফি হাতে নেবে। তবে আবহাওয়া যদি বাধা দেয়, তাতেও আইসিসির নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।
ভারতের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। ফাইনাল জিতলে তারা তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লেখাবে। পাশাপাশি প্রথম স্বাগতিক দেশ হিসেবেও শিরোপা জিতবে ভারত। যদি তারা জেতে, টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়বে মেন ইন ব্লু।
নিউজিল্যান্ডও পিছিয়ে নেই। দ্বিতীয়বারের ফাইনালে ওঠা এই দল প্রথমবারের মতো শিরোপা জিতার সুযোগ পাচ্ছে।
আবহাওয়া ও ম্যাচ পরিস্থিতি:
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হঠাৎ বৃষ্টির আশঙ্কা থাকায় আইসিসি নির্দিষ্ট নিয়ম প্রণয়ন করেছে। ফাইনালে ওয়াশআউট এড়াতে অতিরিক্ত ১২০ মিনিট সময় যুক্ত করা হবে, যাতে দুই দলই অন্তত ১০ ওভার খেলতে পারে। যদি রোববার খেলা শেষ না হয়, আইসিসি সোমবার রিজার্ভ ডে রেখেছে।
ফাইনাল যদি টাই হয়, চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য সুপার ওভার অনুষ্ঠিত হবে। বিরল ঘটনার ক্ষেত্রে, রিজার্ভ ডেতেও খেলা শেষ না হলে ট্রফি দুই দলের মধ্যে ভাগাভাগি করা হবে। আইসিসির ইতিহাসে এর আগে একবার এমন ঘটনা ঘটেছিল—২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কা যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল।
উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ফাইনাল শুরু হতে যাচ্ছে, আর ভক্তদের অপেক্ষা এখন ট্রফি কে হাতে নেবে তা দেখার জন্য।
রিপোর্টার্স২৪/ঝুম