আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ইরানের নারী ফুটবল দল তাদের শেষ এশিয়ান কাপ ম্যাচের আগে জাতীয় সংগীত গেয়েছে এবং স্যালুট জানিয়েছে। এর ছয় দিন আগে প্রথম ম্যাচে জাতীয় সংগীত চলাকালে নীরব থাকায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের “যুদ্ধকালীন বিশ্বাসঘাতক” বলে আখ্যা দেওয়া হয়েছিল।
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের শেষ ম্যাচে রোববার (৮ মার্চ) ফিলিপাইনের বিপক্ষে মাঠে নামার আগে ইরানি খেলোয়াড়রা জাতীয় সংগীত গেয়ে স্যালুট জানান। তবে ম্যাচে তারা ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
টুর্নামেন্টের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে বিমান হামলা চালায়। ওই হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ১,৩৩২ জন নিহত হন। এই ঘটনার পর থেকেই ইরানি খেলোয়াড়দের পরিবার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ইরানের খেলোয়াড়রা জাতীয় সংগীত চলাকালে নীরব ছিলেন। এই সিদ্ধান্তের জন্য দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের উপস্থাপক মোহাম্মদ রেজা শাহবাজি তাদের দেশপ্রেমহীন বলে সমালোচনা করেন এবং এটিকে “অপমানের চূড়ান্ত উদাহরণ” বলে মন্তব্য করেন।
পরবর্তীতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলোয়াড়রা জাতীয় সংগীত গাওয়ায় অস্ট্রেলিয়ার মানবাধিকার কর্মীদের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে, তাদের ওপর সরকারপন্থী কর্মকর্তাদের চাপ থাকতে পারে।
এদিকে Change.org-এ একটি পিটিশন চালু করা হয়েছে যাতে ইরানের নারী ফুটবল দলকে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রোববার পর্যন্ত এতে ৫১ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। পিটিশনে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ককে আহ্বান জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যেন তারা অস্ট্রেলিয়া ত্যাগ করতে বাধ্য না হন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, অস্ট্রেলিয়ায় ইরানের নারী ফুটবল দলকে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ান ও ইরানি খেলোয়াড়দের ম্যাচ শেষে জার্সি বিনিময় সংহতির এক প্রতীকী মুহূর্ত ছিল।
এর আগে আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো এশিয়ান ফুটবল কনফেডারেশন ও ফিফাকে ইরানের নারী দলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল।
টুর্নামেন্টে ইরান কোনো ম্যাচ জিততে পারেনি। তারা দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০, অস্ট্রেলিয়ার কাছে ৪-০ এবং ফিলিপাইনের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ ‘এ’-এর তলানিতে থেকে আসর শেষ করেছে।
রিপোর্টার্স২৪/এসসি