স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। একই সঙ্গে দেশের প্রধান নদীপথে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, রাত ২টার পর থেকে সকাল ৬টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এ সময় দমকা হাওয়া ও বজ্রপাতের তীব্রতাও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, রাত ১১টার পর থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যা পদ্মা নদী, মেঘনা নদী এবং যমুনা নদী এলাকা অতিক্রম করতে পারে। এর ফলে এসব নদীপথে চলাচলকারী যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
পরিস্থিতি বিবেচনায় তিনি বুধবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত দেশের প্রধান নদীপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন তিনি।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কালবৈশাখী ঝড় আকস্মিকভাবে সৃষ্টি হয়ে স্বল্প সময়ে তীব্র আকার ধারণ করতে পারে। তাই নদীপথে যাতায়াতকারী নৌযানগুলোকে আগাম সতর্কতা মেনে চলা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা জরুরি।
রিপোর্টার্স২৪/বাবি