| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে করোনা রুখতে এক সঙ্গে কাজ করার আহ্বান মেয়রের

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৫ ইং | ১২:৪৬:৪১:অপরাহ্ন  |  ১৬৯৬৪৯২ বার পঠিত
চট্টগ্রামে করোনা রুখতে এক সঙ্গে কাজ করার আহ্বান মেয়রের
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : করোনার সম্ভাব্য নতুন সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রামের স্বাস্থ্যখাত-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি তিনি নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার ও সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (১১ জুন) চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা মোকাবিলায় এক জরুরি প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। 

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা সবাই একসাথে কাজ করলে আগের মতো এবারও সফলভাবে করোনা মোকাবেলা সম্ভব হবে। ইতোমধ্যে তিনজন রোগী শনাক্ত হয়েছেন, যারা কেউ বিদেশ ফেরত নন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তারা সংক্রমিত হয়েছেন- এটি স্থানীয় সংক্রমণের ঝুঁকি বাড়ার ইঙ্গিত।

মেয়র জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক), বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর টেস্ট চালু থাকবে। নগরের বিভিন্ন স্থান ও চসিক-এর মেমন-২ হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও থাকবে।

তিনি আরও জানান, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চসিক-এর মেমন-২ হাসপাতালকে দ্রুত কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা প্রতিরোধে সচেতনতাকে সবচেয়ে বড় অস্ত্র উল্লেখ করে মেয়র বলেন, মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস আবারও সকলে মেনে চলতে হবে।

চসিক একটি সার্ভিস সেন্টার চালু করতে যাচ্ছে, যেখানে নাগরিকরা ফোন করে প্রয়োজনীয় সহায়তা পাবেন বলেও মেয়র জানান।

তিনি আরও বলেন, গতবার কিছু অসাধু ব্যবসায়ী মাস্ক, টিকা ও মেডিকেল সামগ্রী নিয়ে ব্যবসা করেছে। এবার জেলা প্রশাসকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট দল নিয়মিত বাজার তদারকিতে থাকবে। চসিক-এর ম্যাজিস্ট্রেটরাও প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা করবেন।

সভায় সিভিল সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪