| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত, একসঙ্গে পাঁচ রেকর্ড

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ০২:৫১:৪২:পূর্বাহ্ন  |  ৪৪৬৫৪৮ বার পঠিত
তৃতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত, একসঙ্গে পাঁচ রেকর্ড

স্পোর্টস ডেস্ক: টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একপেশে ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে হেরে আবারও শিরোপা হাতছাড়া করল নিউজিল্যান্ড। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় কিউইরা। ফলে ৯৬ রানের বড় জয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত।

ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২৫৫ রান। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৫৯ রানেই অলআউট হয়ে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য ধরে রেখে সহজ জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

এই জয়ের মাধ্যমে একসঙ্গে পাঁচটি বড় রেকর্ড গড়েছে ভারত, যা টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আগে কখনো ঘটেনি।

প্রথমত, টি–টোয়েন্টি বিশ্বকাপে তিনবার শিরোপা জেতা প্রথম দল এখন ভারত। এর আগে তারা ২০০৭ এবং ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের শিরোপা জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়ল দলটি। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্টইন্ডিজ দুটি করে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।

দ্বিতীয়ত, টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা দুই আসরে শিরোপা জয়ের কীর্তিও এবার প্রথম দেখল ক্রিকেট বিশ্ব। টি–টোয়েন্টি ফরম্যাটের অনিশ্চয়তার কারণে চ্যাম্পিয়ন দলগুলো সাধারণত পরের আসরে খুব বেশি দূর যেতে পারেনি। কিন্তু ভারত সেই ধারা ভেঙে দিয়েছে। ২০২৪ সালে শিরোপা জয়ের পর ২০২৬ সালেও ট্রফি ধরে রেখে টানা দুই বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছে তারা।

তৃতীয়ত, নিজেদের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল এখন ভারত। এর আগে কোনো দেশ নিজ দেশে এই টুর্নামেন্ট আয়োজন করে শিরোপা জিততে পারেনি। সেরা সাফল্য ছিল রানার্সআপ হওয়া—২০১২ সালে শ্রীলংকা নিজেদের মাঠে ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি। ভারত সেই অপেক্ষার অবসান ঘটাল।

মজার বিষয়, নিজেদের মাঠে বিশ্বকাপ জয়ের ইতিহাস ভারতের জন্য নতুন নয়। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও তারা নিজেদের দেশেই জিতেছিল।

চতুর্থ রেকর্ড হিসেবে সব ফরম্যাট মিলিয়ে এখন পাঁচটি বিশ্বকাপ জয়ের কৃতিত্বও অর্জন করেছে ভারত। তাদের ঝুলিতে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ ও তিনটি টি–টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়ার দলগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ।

তবে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ের রেকর্ড এখনো অস্ট্রেলিয়ার দখলে। তারা মোট সাতটি বিশ্বকাপ জিতেছে—ছয়টি ওয়ানডে ও একটি টি–টোয়েন্টি।

পঞ্চম রেকর্ডটিও বেশ বিরল। টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জেতা প্রথম দল এখন ভারত। ২০২৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে টানা তিন বছর বড় তিনটি আইসিসি শিরোপা নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া।

এই সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করল ভারত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪