রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (৯ মার্চ) ঘোষণা করেছে, সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দামের ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি দুই লাখ ৬৫ হাজার টাকার নিচে নেমে এসেছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার কারণে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের একটি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬৪,৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫২,৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬,৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৭৬,৯৪৩ টাকা।
সোনার সঙ্গে রুপার দারও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৬,৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫,১৯০ টাকা এবং সনাতন পদ্ধতি ৩,৯০৭ টাকা।
বিশ্ববাজারে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের উত্তেজনার কারণে সোনার দাম সম্প্রতি ঊর্ধ্বমুখী থাকলেও আজ বাজারে দামপতন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৫,০৯০ ডলার, যা গতকাল ছিল ৫,১৭০ ডলার।
উল্লেখ্য, গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম বাড়তে থাকায় দেশে রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে। ২৯ জানুয়ারি একদিনে ১৬,২১৩ টাকা বাড়ানো হয়েছিল, যার ফলে ২২ ক্যারেট সোনার দাম প্রথমবারের মতো ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল। এটি ছিল দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি।
রিপোর্টার্স২৪/ঝুম