স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ইতালির একমাত্র প্রতিনিধি আতালান্তাকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার ইতালির জিউইস স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে স্বাগতিকদের ৬–১ গোলে পরাজিত করেছে জার্মান জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই বল দখল, আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে আধিপত্য দেখায় বায়ার্ন। পুরো ম্যাচে আতালান্তাকে প্রায় রক্ষণাত্মক অবস্থায় থাকতে হয়। স্বাগতিকদের বল দখল ছিল ৩০ শতাংশেরও কম। তারা ৮টি শট নিলেও মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিপরীতে বায়ার্ন ২৫টি শট নেয়, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে।
ম্যাচের ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জোসিপ স্ট্যানিসিচ। গ্যানাব্রির বাড়ানো বল বক্সে পেয়ে দূর থেকে শটে জাল খুঁজে নেন তিনি। এর দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। ডি-বক্সের সামনে থেকে আড়াআড়ি শটে গোলটি করেন তিনি।
২৫ মিনিটে বায়ার্নের তৃতীয় গোলটি করেন সার্জি গ্যানাব্রি। ওলিসের অ্যাসিস্ট থেকে বক্সে ঢুকে গোলরক্ষকের ওপর দিয়ে বল পাঠান জালে। প্রথমার্ধের শেষ দিকে গ্যানাব্রির আরও একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে বিরতিতে বায়ার্ন এগিয়ে থাকে ৩–০ ব্যবধানে।
বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে ভিনসেন্ট কোম্পানির দল। ৫২ মিনিটে চতুর্থ গোল করেন নিকোলাস জ্যাকসন। লুইস দিয়াজের বাড়ানো বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন সেনেগালিজ এই ফরোয়ার্ড। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওলিসে। আলফনসো ডেভিসের পাস ধরে কয়েকজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এরপর বদলি হিসেবে নামা জামাল মুসিয়ালা জ্যাকসনের পাস থেকে বায়ার্নের ষষ্ঠ গোলটি করেন। ম্যাচের শেষ দিকে উপামেকানোর একটি হেড গোলপোস্টে লেগে ফিরে আসায় ব্যবধান আর বাড়েনি।
ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে মারিও পাসালিচ গোল করে আতালান্তার হয়ে ব্যবধান কিছুটা কমান। তবে ৬–১ গোলের বড় হার ইতালিয়ান ক্লাবটির জন্য শেষ ষোলো থেকে ছিটকে পড়ার আশঙ্কা প্রায় নিশ্চিত করে দিয়েছে।
এখন দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে আতালান্তাকে যেতে হবে জার্মানিতে। বায়ার্নের মাঠে আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ফিরতি লড়াই। সেই ম্যাচে বড় ব্যবধান ঘোচানো আতালান্তার জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টার্স২৪/বাবি