স্পোর্টস ডেস্ক: বয়সভিত্তিক ক্রিকেটে আগেই নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন পাকিস্তানের তরুণ ওপেনার মাজ সাদাকাত। এবার সিনিয়র দলে সুযোগ পেয়েও সেই প্রতিভার ঝলক দেখালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে ব্যাট ও বল দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই ওপেনার। ম্যাচ শেষে তাকে ‘কোয়ালিটি প্লেয়ার’ বলে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।
বাংলাদেশের বিপক্ষে ১২৮ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন মাজ সাদাকাত। ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। তার আগ্রাসী ব্যাটিংয়ে দল পায় শক্ত ভিত।
শুধু ব্যাটেই নয়, বল হাতেও সমান কার্যকর ছিলেন এই অলরাউন্ডার। হারিস রউফের সমান ৩টি উইকেট নিলেও তিনি খরচ করেন মাত্র ২৩ রান, যা ম্যাচে সেরা বোলিং ফিগারগুলোর একটি।
ম্যাচ শেষে তরুণ এই ক্রিকেটারের প্রশংসা করে অধিনায়ক সালমান আগা বলেন, মাজ সাদাকাত একজন কোয়ালিটি প্লেয়ার। শুরুতে সে ও সাহিবজাদা যেভাবে ব্যাট করেছে, তা ছিল দারুণ। তারা আগ্রাসী ব্যাটিং করেছে। মাজ এমন একজন খেলোয়াড়, যে ১০-১২ ওভার ব্যাট করতে পারলে ম্যাচটাই আমাদের দিকে নিয়ে আসতে পারে।
তিনি আরও বলেন,প্রথম ম্যাচে আমরা হেরেছিলাম। তখন আমি রিজওয়ানকে বলেছিলাম আমরা আন্তর্জাতিক ক্রিকেটে অনেক জুটি গড়েছি। এই সিরিজ জিততে হলে আমাদের আরও দুইটি বড় জুটি গড়তে হবে। একটি আমরা করেছি, আশা করি শেষ ম্যাচে আরেকটি করতে পারব।
নিজেদের ব্যাটিং ইউনিটের ওপর পূর্ণ আস্থা আছে বলেও জানান পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন,আমরা নিজেদের খেলাটা খেলতে চেয়েছি। আমরা জানি আমরা ভালো দল এবং ভালো ব্যাটিং ইউনিট। নিজেদের সুযোগ দিলে আমরা যেকোনো দলের বিপক্ষেই রান করতে পারব এই বিশ্বাস আমাদের আছে।
দলের বোলিং নিয়েও সন্তুষ্ট সালমান। তার ভাষায়,আমরা একটি শক্তিশালী বোলিং ইউনিট। এমন উইকেটে আমাদের বোলাররা যেকোনো দলকে অলআউট করে দিতে পারে। আজ আমরা দারুণ বোলিং করেছি এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
রিপোর্টার্স২৪/ঝুম