| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা মিমু আর নেই

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৫:১৫:১৯:অপরাহ্ন  |  ২৯৯১৪৮ বার পঠিত
জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা মিমু আর নেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষণ) ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ভার্টিগোজনিত সমস্যায় ভুগছিলেন শামিমা মিমু। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়। তখন তিনি হাঁটাচলায় সমস্যা ও মানুষের মুখ চিনতে অসুবিধা অনুভব করতেন। কিছুটা সুস্থ হওয়ার পরও শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মরহুমার ইচ্ছানুযায়ী তাকে দিনাজপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হবে। মরদেহ ঢাকা থেকে দিনাজপুরে নেওয়া হয়েছে।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা শামিমা মিমু একাধারে প্রশিক্ষক ও বিচারক হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও কর্মসূচিতে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় অ্যাথলেটিক্স হাইজাম্পে দীর্ঘদিন আধিপত্য বজায় রেখেছিলেন তিনি। এছাড়া স্প্রিন্ট প্রতিযোগিতাতেও একাধিক পদক জয় করেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা, কোচ, অ্যাথলেট এবং সংশ্লিষ্ট সকলেই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪