| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরিজ হারলেও তরুণ দল নিয়ে গর্বিত পাকিস্তান অধিনায়ক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ০২:৩০:৩১:পূর্বাহ্ন  |  ২৭১৮৪৮ বার পঠিত
সিরিজ হারলেও তরুণ দল নিয়ে গর্বিত পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারের মধ্য দিয়ে বাংলাদেশের কাছে সিরিজ খোয়াতে হয়েছে পাকিস্তানকে। রোমাঞ্চকর লড়াই শেষে স্বাগতিকদের কাছে ২–১ ব্যবধানে সিরিজ হারলেও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।

টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান দল। সিরিজজুড়ে তাদের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার, যাদের মধ্যে ছয়জন এই সিরিজেই ওয়ানডে অভিষেক করেন। তুলনামূলক অনভিজ্ঞ এই দল নিয়েই পুরো সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করেছে পাকিস্তান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শাহীন আফ্রিদি বলেন, আমি সত্যিই দলের জন্য গর্বিত। আমরা এই সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছি এবং তারা শেষ বল পর্যন্ত লড়াই করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার সুযোগ পাওয়া খেলোয়াড়দের জন্য এটি সহজ ছিল না, তবু তারা সাহসিকতার সঙ্গে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।

তিনি আরও বলেন, দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নতুনদেরও নিজেদের প্রমাণ করার সুযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে মিডল অর্ডারের ব্যাটারদের প্রসঙ্গ তুলে শাহীন বলেন, আগা সবসময় স্পিনার ও ফাস্ট বোলারদের বিপক্ষে ভালো খেলতে পারে। সে অনেক দিন ধরেই ধারাবাহিকভাবে ভালো ইনিংস খেলছে এবং দলকে গুরুত্বপূর্ণ অবদান দিচ্ছে।

সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের হয়ে ব্যাট হাতেও লড়াইয়ের চেষ্টা করেন শাহীন আফ্রিদি। শেষ দিকে নেমে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান-এর এক ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচে উত্তেজনা তৈরি করেন তিনি। যদিও শেষ পর্যন্ত পাকিস্তান জয় তুলে নিতে পারেনি।

নিজের ইনিংস সম্পর্কে পাকিস্তান অধিনায়ক বলেন, আমি চেষ্টা করেছি ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে। কিন্তু বাংলাদেশ সত্যিই ভালো বোলিং করেছে। বিশেষ করে রিশাদ হোসাইন দারুণ বোলিং করেছে। বাংলাদেশ দলকে অভিনন্দন, তারা পুরো সিরিজেই ভালো ক্রিকেট খেলেছে।

শাহীন আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক উন্নতির জন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তরুণ খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, উন্নতির জায়গা সবসময়ই থাকে। আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে হলে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং সব বিভাগেই ফিট থাকতে হবে। তবে তারা তরুণ এবং প্রতিভাবান। যেভাবে তারা খেলেছে, তাতে আমরা গর্বিত এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকব।

বাংলাদেশ সফরে পাকিস্তানের তরুণ দল যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, সেটিকে ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন দলটির অধিনায়ক। তার মতে, এই অভিজ্ঞতা নতুন ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে আরও পরিণত হতে সহায়তা করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪