স্টাফ রিপোর্টার: ভারতের আহমেদাবাদে লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২৪২ জন যাত্রীর জীবন বিপন্ন হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, “এটা হৃদয়বিদারক যে লন্ডনগামী একটি বিমান, যা বিভিন্ন দেশের ২৪২ জনকে বহন করছিল, ভারতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে পড়ে। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সকলেই এই শোকের সময়ে তাদের পাশে দাঁড়াই এবং আমাদের আন্তরিক প্রার্থনা ভাগ করে নিই।”
এর আগে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই দুর্ঘটনার জন্য ভারতের প্রতি শোক ও সমবেদনা জানান। তারা নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হওয়া এই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এখনো পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ভারত সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।
এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে সহানুভূতির ঢল নেমেছে, যা প্রমাণ করে যে মানবিক বিপর্যয়ের সময় বিশ্ব এক কাতারে এসে দাঁড়ায়।
রিপোর্টার্স২৪/আরএইচ