| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীকে নিয়ে সরব প্রচারণায় রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ১৪:২৮:১৭:অপরাহ্ন  |  ১৬৯৩৮২৩ বার পঠিত
সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীকে নিয়ে সরব প্রচারণায় রফিকুল ইসলাম খান
ছবির ক্যাপশন: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার সিরাজগঞ্জের কাজীপুরে।

সিরাজগঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জ-১ (কাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদরের অংশ) আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত। স্বাধীনতার পর প্রতিটি নির্বাচনেই নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। ক্যাপ্টেন মনসুর আলী থেকে মোহাম্মদ নাসিম, সর্বশেষ তার ছেলে তানভীর শাকিল জয় এই আসনের এমপি ছিলেন। 

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ। নেতারা এখন দেশে বিদেশে পলাতক। এই অবস্থায় যমুনার চর বেষ্ঠিত কাজীপুরের রাজনীতির মাঠে এখন সরব বিএনপি-জামায়াত।

কিছুদিন আগে কাজীপুরে শোডাউন করেছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

বৃহস্পতিবার যমুনা নদীর পূর্বপাড়ের ৬ ইউনিয়নের উদ্যোগে কাজীপুরের নাটুয়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এই আসনে কিছুদিন আগেই জেলা আমীর মাওলানা শাহীনুর আলমকে প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার যমুনা চরের মানুষের কাছে সরাসরি হাত উচিয়ে শাহীনুর আলমকে পরিচয় করিয়ে দেন রফিকুল ইসলাম খান। শাহীনুর আলমকে একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।

রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। কিন্তু, একটি দল ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, এ ব্যাপারে তারা সিরিয়াস।  কেন এতো সিরিয়াস এই দুই মাসের জন্য? আপনারা ১৬ বছর না খেয়ে ছিলেন না? ১৬ বছর তো কিছুই করতে পারিনি আমরা, পারছি? 

তিনি বলেন, জুলাই বিপ্লবে যারা আন্দোলন লড়াই করেছেন এই আন্দোলনে আমরা একক দাবি করিনি। রাজনৈতিক দলগুলো ১৬ বছর আন্দোলন করেছি, কিন্তু, যৌক্তিক পরিণতি আনতে পারিনি। কিন্তু জুলাই বিপ্লবে ছাত্ররা কোটা সংস্কারের দাবির আন্দোলনে কৃষক শ্রমিক ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। আর এই দুই মাসে কী মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যে, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে?

তিনি আরও বলেন, ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এক মাস দুই মাস আগে পরে (নির্বাচন) জামায়াতের কাছে কোনো বিষয় নয়। জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। আমরা চাই, জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশে সুষ্ঠু রাজনীতির স্বার্থে সংস্কার প্রয়োজন। জামায়াতে ইসলামী বাংলাদেশ সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত, নৈরাজ্য, দুর্নীতিমুক্ত মানবিক ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। জনগণ জামায়াতকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দিলে আমরা রাজা হবো না। আমরা জনগণকে প্রজা বানাবো না। আমরা জনগণের সেবক হবো ইনশাল্লাহ।

কাজীপুর উপজেলা আমির জাহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ আসনটি দখলে নিতে ইতোমধ্যে বিএনপি জোরালোভাবে মাঠে নেমেছে। তবে, এই আসনে প্রার্থীতা চূড়ান্ত হয়নি দলটির। জামায়াতে ইসলামী আগামী প্রার্থী ঘোষণা দিয়ে মাঠ গোছানোর কাজে লেগেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪