রিপোর্টার্স২৪ডেস্ক: গত এক দশকে বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেকই চাকরি পাননি বলে জানিয়েছেন বিশ্বব্যাংক-এর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশে প্রতিনিয়ত বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও সেই তুলনায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। বিশেষ করে তরুণীদের জন্য কর্মসংস্থানের পরিস্থিতি আরও বেশি চ্যালেঞ্জিং।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত দশ বছরে বাংলাদেশের শ্রমবাজারে প্রায় ১ কোটি ৪০ লাখ তরুণ প্রবেশ করেছেন। বিপরীতে কর্মসংস্থান তৈরি হয়েছে মাত্র ৮৭ লাখের মতো। ফলে একটি বড় অংশ কর্মহীন থেকে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে।
তিন দিনের সফরে ঢাকায় অবস্থানকালে জোহানেস জাট সরকারের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে উন্নয়ন অগ্রাধিকার, বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, সরকার বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংক সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে যুব ও নারীদের কর্মসংস্থান বাড়াতে সহায়তা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে কাঠামোগত সংস্কার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের দীর্ঘদিনের সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বিশ্বব্যাংক জানিয়েছে, সদস্য দেশগুলোতে এমন অর্থনীতি গড়ে তুলতে তারা কাজ করছে, যেখানে প্রবৃদ্ধির সুফল সরাসরি কর্মসংস্থানে রূপ নেয়,এ লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে সহায়তা দেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি