আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে কেন্দ্র করে একটি স্বাধীন ‘খ্রিস্টান রাষ্ট্র’ গঠনের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন ভাড়াটে সেনা ম্যাথু ভ্যানডাইক-সহ সাত বিদেশির গ্রেপ্তারের পর এই প্রশ্ন সামনে এসেছে।
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) বিষয়টি তদন্ত করছে। সংস্থাটির দাবি, অভিযুক্তরা অবৈধভাবে মায়ানমারে প্রবেশ করে সেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ এবং আধুনিক অস্ত্র সরবরাহে জড়িত ছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে একটি পৃথক রাষ্ট্র গঠনের পরিকল্পনার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
এনআইএ জানিয়েছে, পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করে ভ্যানডাইক ও তার সহযোগীরা গুয়াহাটি হয়ে মিজোরাম সীমান্ত দিয়ে মায়ানমারে প্রবেশ করেন। সেখানে অবস্থানকালে তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ।
ভ্যানডাইক অতীতে বিভিন্ন পরিচয়ে,যেমন তথ্যচিত্র নির্মাতা, নিরাপত্তা বিশ্লেষক ও যুদ্ধ প্রতিবেদক,নিজেকে উপস্থাপন করতেন। ২০১১ সালে লিবিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার সময় তিনি প্রথম আলোচনায় আসেন। পরবর্তীতে ‘সন্স অব লিবার্টি ইন্টারন্যাশনাল’ নামে একটি সংগঠন গড়ে তোলেন, যা বিভিন্ন দেশে সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে পরিচিত। রুশ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, সিরিয়া ও ইউক্রেন সংঘাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘খ্রিস্টান রাষ্ট্র’ গঠনের অভিযোগটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ভিন্নমত রয়েছে। কিছু সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকের দাবি, এ ধরনের পরিকল্পনার পেছনে ভূ-রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে;বিশেষ করে চীন-এর প্রভাব মোকাবিলায় কৌশলগত অবস্থান শক্ত করা।
অন্যদিকে, বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, এসব দাবি অতিরঞ্জিত বা যাচাইবিহীন হতে পারে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
ঐতিহাসিকভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পৃথক প্রশাসনিক কাঠামো বা রাষ্ট্র গঠনের দাবি নতুন নয়। ব্রিটিশ শাসনামলেই এ ধরনের প্রস্তাব উঠেছিল, যদিও তা বাস্তবায়িত হয়নি।
বর্তমানে ভ্যানডাইক ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও আন্তর্জাতিক সংশ্লিষ্টতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র: আনন্দবাজার
রিপোর্টার্স২৪/এসসি