| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ০০:৩২:৫২:পূর্বাহ্ন  |  ২৩৯ বার পঠিত
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে ইলিশের মূল্য বৃদ্ধি ও অনলাইনে মাছ বিক্রির নামে প্রতারণা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে অংশীজনরা। 

সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের বড় স্টেশন মাছঘাট সংলগ্ন মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা মৎস্য অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে। 

মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

আরো বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা মোছা. ফারহানা আকতার, জেলা নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি তমাল কুমার ঘোষ, জেলা ক্যাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, সদস্য বিপ্লব সরকার এবং চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকারসহ সংশ্লিষ্ট অংশীজনরা।

সভায় বক্তারা বলেন, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার সঙ্গে চাঁদপুরের কোনো ব্যবসায়ী জড়িত নন। চাঁদপুরের ব্যবসায়ীদের ভিডিও বা ছবি ডাউনলোড করে জেলার বাইরে অবস্থানকারী কিছু অসাধু ব্যক্তি নিজেদের ফেসবুক পেজ ও আইডিতে প্রচার চালিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকা নেওয়ার পর মাছ সরবরাহ না করে গ্রাহকের ফোন নম্বর ব্লক করে দেওয়া হচ্ছে।

এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে অনলাইনে ইলিশ কেনার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি বা মাছ হাতে পাওয়ার পর মূল্য পরিশোধের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অস্বাভাবিক কম দামে মাছ কেনার আগে বাজারদর যাচাই এবং প্রতারিত হলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার আহ্বান জানানো হয়।

বক্তারা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলছে। ইতোমধ্যে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির উদ্যোগে বৈধ অনলাইন মাছ ব্যবসায়ীদের একটি তালিকাও করা হয়েছে। তালিকাটি ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইলিশের দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, বাজারে ইলিশের সরবরাহ বাড়লে দামও অনেকাংশে কমে আসবে। তবে কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা-নষ্ট মাছ বিক্রি না করা এবং ওজনে কম দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪