বাগেরহাট প্রতিনিধি: সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধান, দায়িত্ববোধ ও দেশপ্রেমে। অর্থ-বিত্তের পেছনে ছুটলে সাংবাদিকতার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার মতো সাধারণ চোখ দিয়ে দেখবেন না, মাইক্রোস্কোপের চোখ দিয়ে দেখবেন। ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করবেন। তবে শুধু ভিউ বাড়ানোর জন্য এমন সমালোচনা করা যাবে না, যা মানুষকে বিভ্রান্ত করে।’
তিনি আরও বলেন, সরকার দেশ পরিবর্তনের চেষ্টা করবে, একইভাবে সাংবাদিকরাও তাঁদের কলমের মাধ্যমে দেশ পরিবর্তনে ভূমিকা রাখবেন। এই পরিবর্তন হতে হবে জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে। সরকার নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করতে চায় এবং সেই প্রক্রিয়ায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাই তাঁদের অনটনমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সরকার ও সাংবাদিকরা হাতে হাত রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে চান বলেও উল্লেখ করেন তিনি।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাবের সদস্য ও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব