সিনিয়র রিপোর্টার : মানুষের প্রত্যাশা অনুযায়ী জুলাই ঘোষণাপত্র, বিচার এবং মৌলিক প্রশ্ন এড়িয়ে একটি দলকে খুশি করতে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার (১৩ জুন) জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।
তিনি আরও বলেন, যে বৈঠক হয়েছে, তাতে জুলাই ঘোষণাপত্র, বিচার ও মৌলিক সংস্কার প্রশ্নে আমরা কোনো বার্তা দেখিনি। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনের রাস্তায় বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জনগণের আকাঙক্ষার সাথে প্রতারণার সামিল।
তিনি বলেন, জনগণের যে আকাক্সক্ষা ছিল, সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। এর আগে নব্বইয়ে যে সামাজিক চুক্তি হয়েছিল, সেটি বাস্তবায়ন না করে বাংলাদেশকে সেখানে না নিয়ে একটি ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সে পুরাতন বন্দোবস্তের প্রক্রিয়া আজকের বাংলাদেশ দেখছে।
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, বিদেশের মাটিতে বসে সভা হয়েছে। যেখানে দেশের মাটিতে শহীদদের ফ্যামিলি এখনো কাঁদছে, আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। এমন অবস্থায় দেশের মাটি রেখে বিদেশের মাটিতে এ ধরনের সভা হয়। জনগণের প্রত্যাশাকে চাপিয়ে একটি দলের প্রত্যাশা অনুযায়ী যখন সরকার কথা বলে, সেই সরকার বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে।
তিনি বলেন, যে বৈঠক হয়েছে তাতে বাংলাদেশের মানুষের আকাক্সক্ষার প্রতিফলন ঘটেনি। দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে। দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটি জনগণ কখনো মানবে না।
তিনি বলেন, আমরা চাই দ্রুতগতিতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক। নির্বাচন ফেরুয়ারিতে হোক বা এপ্রিলে, এটা ফ্যাক্ট না। আমাদের কাছে ফ্যাক্ট হলো, জুলাই ঘোষণাপত্র, বিচার ও সংস্কার প্রক্রিয়া এবং সাংবিধানিক পুনর্গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের কালো আইনগুলো বাতিল করে নতুন ব্যবস্থার দিকে যাত্রা। আমরা যদি নতুন পথে না গিয়ে শেখ হাসিনার পথেই যাই, তাহলে তা বাংলাদেশের জন্য একটি গভীর সংকট।
তিনি বলেন, বিএনপি গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের বিচার নিয়ে ফোকাসড না।
রিপোর্টার্স২৪/ঝুম