| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ আর দিল্লির তাবেদারীর রাজনীতি করবে না : গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ১৬:৩৫:৫৭:অপরাহ্ন  |  ১৬৮৯৪৮২ বার পঠিত
বাংলাদেশ আর দিল্লির তাবেদারীর রাজনীতি করবে না : গোলাম পরওয়ার
ছবির ক্যাপশন: সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘‘বাংলাদেশ আর দিল্লির তাবেদারীর রাজনীতি করবে না। দেশের জনগণ নিজেদের শক্তি নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ ’’।

সাতকানিয়ার কেরানীহাট হোটেল সি ওয়ার্ল্ড কনভেনশন হলে শুক্রবার (১৩ জুন) সকালে সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে গোলাম পরওয়ার বলেন, এ দেশে এখন প্রয়োজন গণতান্ত্রিক সংস্কার, শক্তিশালী নির্বাচন ব্যবস্থা ও স্বাধীন সার্বভৌম নেতৃত্ব।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের অধীনে দেশে হাজার হাজার মানুষ গুম, খুনের শিকার হয়েছেন, সেই হত্যাকাণ্ডের বিচার সময়ের দাবি।

নির্বাচন পদ্ধতির সংস্কার প্রসঙ্গে অধ্যাপক পরওয়ার বলেন, নির্বাচন পদ্ধতিতে পিআর পদ্ধতি চালু করতে হবে। প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আরও শক্তিশালী করতে হবে। না হলে আরেক হাসিনা তৈরি হবে।

তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে কেউ যায়নি, ভোটাররাও কেন্দ্রে যায়নি। এরশাদ পর্যন্ত যেতে চায়নি। ভারত তাকে বাধ্য করেছিল। এমনই ছিল গণতন্ত্রের অবস্থা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মুহাম্মদ শাহজাহান, অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, অধ্যাপক জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইসহাক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

মাওলানা আব্দুল হালিম বলেন, সংগঠনের অভ্যন্তরে বিভক্তি সৃষ্টি করে, একে অপরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষোদগার করে কেউ ইসলামি আন্দোলনের প্রতিনিধিত্ব করতে পারে না। সংগঠনের সিদ্ধান্ত মেনে চলাই জামায়াতের ঐতিহ্য।

তিনি আরও জানান, জাতীয় স্বার্থে জামায়াত প্রার্থী বদল করতে পারে। এমনকি আমীরে জামায়াত নিজেও তার আসন ছাড়তে রাজি আছেন। যারা বৈঠকে সব শুনে ময়দানে গিয়ে উল্টো পথে হাঁটে, তারা দ্বিমুখী আচরণ করছে। এটি ইসলামি আদর্শ নয়।

অধ্যাপক আহসান উল্লাহ বলেন, এবার আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা। আমরা যদি বিজয় নিশ্চিত করতে না পারি, তবে সংগঠনের আত্মত্যাগ বৃথা যাবে।

অধ্যাপক জাফর সাদেক বলেন, এবার ভিন্ন কিছু করার সময়। অতীতে আমরা সংগঠনের ভিত মজবুত করেছি, এখন সেই ভিতের ওপর দাঁড়িয়ে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়িত হবে।

সমাবেশে সাবেক এমপি ও মহানগর আমীর শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। 

মনোনয়নপ্রাপ্ত শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়া-লোহাগাড়া শহীদদের রক্তস্নাত ময়দান। এখান থেকে আন্দোলনের শিখা জ্বলে উঠেছে। আমাদের পূর্বসূরীদের ত্যাগের পথ ধরে এবার বিজয়ের ইতিহাস রচনা করব।

তিনি আরও বলেন, আমরা ইনশাআল্লাহ বিজয়ের জন্য কাজ করব। দল, সংগঠন ও দীন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, সাতকানিয়া-লোহাগাড়া রক্তস্নাত ময়দান। শহীদদের এ ময়দানে সবাইকে জীবন বাজি রেখে কাজ করতে হবে। এবারের নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, এটি দেশ বাঁচানোর সংগ্রাম।


রিপোর্টার্স ২৪/ এম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪