স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছে লাহোর কালান্দার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারা ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে নতুন দল হায়দরাবাদ কিংসমেনকে। ম্যাচে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান কার্যকর বোলিংয়ে দলকে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অভিষেক ম্যাচে পারভেজ হোসেন ইমন তেমন উজ্জ্বল হতে পারেননি।
টসে জিতে আগে ব্যাট করে লাহোর ২০ ওভারে ৬ উইকেটে ১৯৯ রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করায়। ওপেনার ফখর জামান ৩৯ বলে ৫৩ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। শেষদিকে হাসিবউল্লাহ খান ২৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া মোহাম্মদ নাঈম ৩০ ও সিকান্দার রাজা ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।
মিডল অর্ডারে নামা ইমন ১৩ বলে ১৪ রান করে আউট হন। একটি ছক্কা হাঁকালেও ইনিংস বড় করতে পারেননি তিনি।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও দ্রুতই ছন্দ হারায় হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩০ রানেই গুটিয়ে যায় দলটি। সর্বোচ্চ ২৬ রান করেন মার্নাস লাবুশেন।
বল হাতে মুস্তাফিজুর রহমান শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। প্রথম স্পেলেই চাপ সৃষ্টি করে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তার স্লোয়ারে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দরাবাদ।
এছাড়া হারিস রউফ, সিকান্দার রাজা ও উবাইদ শাহ দুটি করে উইকেট নেন। শাহিন আফ্রিদি নেন একটি উইকেট। উদ্বোধনী ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী শুরু করল লাহোর কালান্দার্স।
রিপোর্টার্স২৪/বাবি