আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে যুক্তরাষ্ট্র ইউএসএস ত্রিপোলি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজে করে প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা মোতায়েন করেছে। শনিবার (২৮ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, শুক্রবার যুদ্ধজাহাজটি তাদের নির্ধারিত ‘অপারেশন এরিয়াতে’ পৌঁছেছে।
সেন্টকম জানায়, ইউএসএস ত্রিপোলির সঙ্গে রয়েছে পরিবহন বিমান, কৌশলগত আক্রমণকারী বিমান এবং আধুনিক যুদ্ধবিমান, যা দ্রুত হামলা ও সৈন্য পরিবহনে সক্ষম। এই যুদ্ধজাহাজটি উভচর অভিযানের জন্য বিশেষভাবে প্রস্তুত, যা প্রয়োজন হলে স্থল অভিযানে সরাসরি সহায়তা দিতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন বাড়িয়েছে। বর্তমানে মেরিন, নৌ ও বিমান বাহিনীসহ প্রায় ৫০ হাজার মার্কিন সেনা এই অঞ্চলে অবস্থান করছে বলে জানা গেছে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের আরও প্রায় এক হাজার সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানায়, যা দ্রুত প্রতিক্রিয়াশীল স্থল অভিযানের জন্য পরিচিত। বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক সেনা সমাবেশ ইঙ্গিত দিচ্ছে যে, পরিস্থিতি আরও অবনতি হলে যুক্তরাষ্ট্র সরাসরি স্থল অভিযানে যেতে পারে।
দিন যত যাচ্ছে, ইরানে সম্ভাব্য মার্কিন স্থল হামলার আশঙ্কা ততই বাড়ছে। যদি এমন অভিযান শুরু হয়, তবে তা হবে ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর প্রথম বড় ধরনের স্থল সামরিক অভিযান।
এদিকে, সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এত বড় আকারে সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি