| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন বিতর্কের মাঝেই দেশে ফিরেছেন বুলবুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১২:৪৭:২০:অপরাহ্ন  |  ১৭৩৪৯৩ বার পঠিত
নির্বাচন বিতর্কের মাঝেই দেশে ফিরেছেন বুলবুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে রাজধানী ঢাকায় পৌঁছান তিনি। বিষয়টি বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত রোজার আগে অনেকটা নীরবেই দেশ ছাড়েন বুলবুল। এরপর থেকেই তাকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়। বিশেষ করে ক্রিকেট অঙ্গনে প্রশ্ন ওঠে- তিনি আদৌ ফিরবেন কিনা, নাকি বিদেশ থেকেই দায়িত্ব পালন করবেন।

বোর্ড সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় ঈদ কাটিয়ে ২৬ বা ২৭ মার্চের মধ্যে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই দিন পর, ২৯ মার্চ দেশে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে তার অনুপস্থিতি ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটে।

তবে তার এই প্রত্যাবর্তন এমন এক সময়ে হলো, যখন গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির নির্বাচন নিয়ে চলছে তীব্র বিতর্ক। ঢাকার বিভিন্ন ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একাধিক সংগঠক নির্বাচনটিকে ‘অবৈধ ও অস্বচ্ছ’ দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদ-এর কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ, ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের ঘটনা ঘটেছে।

এই অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। জানা গেছে, আগামী এপ্রিলের প্রথম ভাগেই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে কমিটি ইতোমধ্যে বিসিবি সভাপতির সঙ্গে অনলাইনে যোগাযোগ করেছে। তবে তিনি দেশে ফেরায় এখন তাকে সরাসরি কমিটির সামনে হাজির হয়ে বক্তব্য দিতে হতে পারে।

উল্লেখ্য, গত নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের নিজের ভূমিকা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে নিয়মবহির্ভূতভাবে কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টি তদন্ত কমিটির নজরে রয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪