| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিডিও অ্যানালিস্ট আছেন, কিন্তু ক্যামেরা নেই

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৯:৩২:০৯:অপরাহ্ন  |  ১৭৩১৮১ বার পঠিত
ভিডিও অ্যানালিস্ট আছেন, কিন্তু ক্যামেরা নেই

রিপোর্টার্স ডেস্ক: অনুশীলন কিংবা ম্যাচ চলাকালীন ভিডিও অ্যানালিস্টকে সাধারণত স্ট্যান্ডে বসে ফুটবলারদের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করতে দেখা যায়। ম্যাচের পর সেই ফুটেজ বিশ্লেষণ করে কোচিং স্টাফ, খেলোয়াড়দের ভুলত্রুটি চিহ্নিত করেন এবং দলের শক্তি-দুর্বলতা মূল্যায়ন করেন। আধুনিক ফুটবলে এটি কোচিং প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। 

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও অ্যানালিস্ট থাকলেও তার কাছে নেই কোনো ক্যামেরা! ভিডিও ক্যামেরা ছাড়াই অ্যানালিস্ট ইমরান হাসান ইমনকে ব্যাংককে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্যাংককে ভারত ও জর্দানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে ড্র এবং জর্দানকে ২-০ গোলে হারিয়ে মেয়েরা আত্মবিশ্বাসও পেয়েছে। ভিডিও ক্যামেরা না থাকায় এই দুই ম্যাচের কোনো ফুটেজ সংগ্রহ করতে পারেননি দলের ভিডিও অ্যানালিস্ট। ফলে কে কেমন পারফর্ম করলেন, কোন খেলোয়াড় কোথায় ভুল করেছেন কিংবা কার কোন জায়গায় উন্নতি প্রয়োজন—এসব বিশ্লেষণের জন্য কোচিং স্টাফের কাছে নেই কোনো ভিডিও রেকর্ড।

আধুনিক ফুটবলে ম্যাচ বিশ্লেষণের ক্ষেত্রে ভিডিও ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরা না থাকায় এই গুরুত্বপূর্ণ কাজটি কার্যত অসম্ভব হয়ে পড়েছে। শুধু নিজেদের খেলাই নয়, প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে দলকে। জানা গেছে, প্রতিপক্ষের খেলার ভিডিও ক্লিপ সংগ্রহ করতে অন্য দলের কাছ থেকে ধার করতে হচ্ছে বাংলাদেশ দলের কোচিং স্টাফকে।

ক্যামেরা না নেওয়ার কারণ জানতে ভিডিও অ্যানালিস্ট ইমরান হাসান ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকেও ফোনে পাওয়া যায়নি। সাধারণত ভিডিও ক্যামেরা সরবরাহের দায়িত্ব থাকে ফেডারেশনের আর অ্যানালিস্টের কাজ সেটি ঠিকঠাক বুঝে নেওয়া। কিন্তু এর কোনো কিছুই ঠিকঠাক হয়নি।

জানা গেছে, এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের সময় একইভাবে ক্যামেরা ছাড়াই দায়িত্ব পালন করতে হয়েছে ইমরান হাসান ইমনকে।

ফলে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতির ক্ষেত্রে একই ভুলের পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

ভিডিও বিশ্লেষণ ছাড়া আধুনিক ফুটবলে ট্যাকটিক্যাল প্রস্তুতি সঠিকভাবে হয় না। খেলোয়াড়দের পজিশনিং, পাসিং প্যাটার্ন, প্রতিপক্ষের আক্রমণভাগ বা ডিফেন্সিভ কৌশল—এসব বিশ্লেষণের জন্য ভিডিও ফুটেজ অপরিহার্য। তাই এশিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ আসরে এমন প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি দলের প্রস্তুতিতে নিশ্চিত বাজে প্রভাব ফেলছে। 

আগামী ১ এপ্রিল স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবেন বাংলাদেশের মেয়েরা। পরের দুটি ম্যাচ চীন এবং ভিয়েতনামের বিপক্ষে। সূত্র: কালের কন্ঠ

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪