স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ৩৭ বছর বয়সী রাসি ফন ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশটির ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেন ডুসেন।
অবসরের ঘোষণায় ডুসেন বলেন, এই যাত্রায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলেছে। তিনি তার পরিবার, বিশেষ করে চার ভাই এবং স্ত্রী লারার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ভক্তদের ভালোবাসা এবং জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে খেলার সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো আজীবন মনে রাখবেন বলে জানান।
২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় ডুসেনের। এরপর ধীরে ধীরে তিনি দেশের হয়ে তিনটি ফরম্যাটেই জায়গা করে নেন। ক্যারিয়ারে তিনি খেলেছেন ৫৭টি টি-টোয়েন্টি, ৭১টি ওয়ানডে এবং ১৮টি টেস্ট ম্যাচ।
কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া এবং বয়স বিবেচনায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিলেও ঘরোয়া ক্রিকেটে লায়নসের হয়ে খেলা চালিয়ে যাবেন ডুসেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম