রিপোর্টার্স২৪ ডেস্ক: নারী চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ন্যু ক্যাম্পে রিয়ালকে ৬-০ গোলে হারিয়ে বার্সা সেমিফাইনালে উঠেছে।
প্রথম লেগের স্কোরলাইন ছিল ৬-২, ফলে দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়িয়েছে ১২-২। সপ্তাহের শুরুতে লিগ ম্যাচেও বার্সা ৩-০ গোলে জয় পেয়েছিল। এক কথায়, এক সপ্তাহে ৩ ম্যাচে রিয়ালের জালে ১৫ গোল দিয়েছে কাতালানরা।
ন্যু ক্যাম্পের ৬০ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে ম্যাচে বার্সার জয়ের নায়ক হয়েছেন গ্রাহাম হানসেন, যিনি জোড়া গোল করেন। একবার করে লক্ষ্যভেদ করেছেন ক্লাব কিংবদন্তি অ্যালেক্স পুতিয়াস, ইরিনে পারেদেস, ইউয়া পাজর এবং ইসমে ব্রুগটস।
পুরুষদের এল ক্ল্যাসিকোর মতোই মেয়েদের ম্যাচও জমজমাট, তবে এখানে বার্সার একচ্ছত্র আধিপত্য লক্ষ্য করা যায়। ২৫ ম্যাচে ২৪ বারই রিয়ালের বিরুদ্ধে জিতেছে কাতালানরা।
এই জয়ের ফলে বার্সা টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বে বার্সা ইতিমধ্যেই বায়ার্নকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম