রিপোর্টার্স২৪ ডেস্ক: গুরুত্বপূর্ণ সময়ে হোঁচট খেয়ে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। আর এই হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নিলেন দলটির কোচ আলভারো আরবেলোয়া। ম্যাচশেষ সংবাদ সম্মেলনে তিনি সরাসরি স্বীকার করেছেন, এই পরাজয়ের দায় তারই।
ম্যাচ চলাকালে শিরোপা দৌড়ে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তখনও মাঠে নামেনি। দুই দলের ব্যবধান ছিল চার পয়েন্ট। তবে কিছুক্ষণ পর অ্যাটলেটিকো মাদ্রিদ-কে হারিয়ে ব্যবধান বাড়িয়ে সাত পয়েন্টে নিয়ে যায় বার্সা, যা রিয়ালের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।
ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় মায়োর্কা। দলের হয়ে গোল করেন মানু মোরলানেস। শেষ দিকে বদলি হিসেবে নেমে ৮৮তম মিনিটে সমতা ফেরান এদার মিলিতাও। তবে নাটকীয়ভাবে ইনজুরি টাইমের প্রথম মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন ভেদাত মুরিকি, ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মাদ্রিদ ক্লাবকে।
ম্যাচ শেষে আরবেলোয়া বলেন, এই হার আমার, পুরোপুরি আমার। সিদ্ধান্তগুলো আমিই নিই। খেলোয়াড়দের বলেছি, তারা যেন এখন থেকেই মঙ্গলবারের ম্যাচ নিয়ে ভাবা শুরু করে। সামনে বায়ার্ন মিউনিখ-এর বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচকে গুরুত্ব দিতেই এমন বার্তা দিয়েছেন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল রিয়াল। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি-কে বিদায় এবং অ্যাতলেটিকোর বিপক্ষে ৩-২ গোলে ডার্বি জয়ের মতো গুরুত্বপূর্ণ সাফল্যও ছিল। কিন্তু এই হারে লিগ শিরোপার লড়াই যে আরও কঠিন হয়ে পড়েছে, সেটি স্বীকার করেছেন কোচ।
আরবেলোয়া বলেন, ম্যাচ শুরুর আগের চেয়ে এখন পরিস্থিতি আরও কঠিন। আমাদের সামনে আরও আটটি ম্যাচ রয়েছে। পয়েন্ট টেবিল যাই হোক, আমাদের লক্ষ্য একটাই বাকি সব ম্যাচ জেতা। আজকের চেয়ে আরও ভালো খেলতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম