সিনিয়র রিপোর্টার: সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘মব বাহিনীর সেনাপতি’ ছিলেন আসিফ নজরুল।
সোমবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনিস আলমগীর এসব মন্তব্য করেন। পোস্টে তিনি জানান, আসিফ নজরুলের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাগত পরিচয় রয়েছে এবং ফেসবুকে তাদের বন্ধুত্বের ১৪ বছর পূর্ণ হয়েছে।
তবে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর আসিফ নজরুলের অবস্থান ও আচরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ নিয়ে কথা বলা এই অধ্যাপক তাকে ‘হতাশ করেছেন’ বলে মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আনিস আলমগীর আরও বলেন, আসিফ নজরুল দায়িত্বে থাকাকালে বহু নিরপরাধ মানুষ হয়রানির শিকার হয়েছেন এবং রাজনৈতিক কারণে গ্রেপ্তার ও মামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনি এসব বিষয়ে নীরব ছিলেন বলেও অভিযোগ করেন।
এছাড়া, সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে আসিফ নজরুলকে নিজের অবস্থান ব্যাখ্যার সুযোগ দেওয়া হলেও কার্যকর পাল্টা প্রশ্ন ছিল না, যা তাকে হতাশ করেছে।সবশেষে আনিস আলমগীর মন্তব্য করেন, কথার চেয়ে কাজই একজন মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ করে।
উল্লেখ্য, এসব বক্তব্য আনিস আলমগীরের ব্যক্তিগত মতামত, যা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি